হোস্টিং ৭ মিনিট পড়া •

বাংলাদেশে ওয়ার্ডপ্রেস হোস্টিং: প্ল্যান, স্পিড ও নিরাপত্তা

আপনার সাইট কী কাজ করে, প্ল্যান ঠিক হবে সেটা দেখে। কীভাবে বাছবেন, ওয়ার্ডপ্রেস আসলে কেন স্লো হয়, কোন ফিক্স আগে করবেন, আর নিরাপত্তার মূল কথাগুলো।

ওয়ার্ডপ্রেস হোস্টিং বাছুন আপনার সাইট কী কাজ করে সেটা দেখে, প্ল্যানে কত জিবি ডিস্ক আছে সেটা দেখে নয়। স্কুল, কোম্পানি বা ব্লগের সাইট শেয়ার্ড হোস্টিংয়েই আরামে চলে। বিজ্ঞাপন চালানো WooCommerce দোকান বা ব্যস্ত নিউজ সাইটে বেশি সিপিইউ আর র‍্যাম লাগে, তাই টার্বো থেকে দেখা শুরু করুন। আর আপগ্রেডে টাকা ঢালার আগে চারটি জিনিস দেখে নিন: ভারী প্লাগইন, বড় ছবি, ক্যাশ না থাকা আর কম PHP লিমিট। বেশিরভাগ স্লো ওয়ার্ডপ্রেস সাইটের সমস্যা এগুলোর মধ্যেই থাকে, আর কোনো প্ল্যান এগুলো আপনার হয়ে ঠিক করে দেবে না।

ওয়ার্ডপ্রেস চালাতে হোস্টিংয়ে কী কী লাগে?

ওয়ার্ডপ্রেসের দরকার PHP আর MySQL। আমাদের শেয়ার্ড আর টার্বো প্ল্যান এই ধরনের সাইটের জন্যই। কোন ভার্সন লাগবে, সেটা wordpress.org-এর requirements পেজে পাবেন। যেকোনো হোস্টকে জিজ্ঞেস করলেই জানাবে তারা কোন ভার্সন চালায়।

বাংলাদেশে হোস্টিং নিলে একটা জিনিস সরাসরি ভালো হয়: নেটওয়ার্কের পথ। get.bd-র সব প্ল্যান চলে ঢাকায় আমাদের ডেটাসেন্টার থেকে, BDIX-এ যুক্ত হয়ে। নেটওয়ার্ক AS141988, BDIX-এ ১০ Gbps পোর্ট, রেকর্ড PeeringDB-তে সবার জন্য খোলা। ফলে BDIX-এ যুক্ত নেটওয়ার্কের ভিজিটর দেশের ভেতরের পথ দিয়েই আপনার সাইটে পৌঁছান। তবে বিদেশের ভিজিটরদের আসতে হয় আন্তর্জাতিক রুটে। পাঠকের বেশিরভাগ বিদেশে হলে তাঁদের কাছাকাছি হোস্টিং বা CDN বেশি কাজে দেবে। আর ছোট পথ স্লো PHP-কে দ্রুত করে না। সে কথায় একটু পরে আসছি।

ওয়ার্ডপ্রেসের জন্য কোন হোস্টিং প্ল্যান নেবেন?

আগে দেখুন সাইট কী করে। জিবির হিসাব পরে।

সাইট কী করেচাপ পড়ে কোথায়কোথা থেকে দেখা শুরু করবেন
স্কুল, কোম্পানি প্রোফাইল, ব্লগতেমন চাপ নেই। প্রায় সব পেজই ক্যাশে রাখা যায়ওয়েব হোস্টিং, শুরু মাসে ৳১৯৯ থেকে। স্টোরেজ আর র‍্যাম দেখুন: Starter-এ ৫ জিবি NVMe ও ১ জিবি
ছোট WooCommerce দোকান, দিনে অল্প কয়েকটি অর্ডারকার্ট আর চেকআউট ক্যাশে রাখা যায় না, ছবিতে ডিস্ক ভরেবড় ওয়েব হোস্টিং প্ল্যান। র‍্যাম Medium-এ ২ জিবি, Advanced-এ ৩ জিবি
বিজ্ঞাপন বা ফেসবুক লাইভ চালানো দোকানএকই সময়ে অনেকগুলো চেকআউটটার্বো হোস্টিং, শুরু মাসে ৳৮২৫ থেকে। র‍্যাম আর এন্ট্রি প্রসেস দেখুন: Turbo Strong-এ ৬ জিবি ও ১৫০
নিউজ পোর্টাল বা মেম্বারশিপ সাইটহঠাৎ ট্রাফিকের ঢেউ, লগইন করা ইউজারটার্বো হোস্টিং, সঙ্গে পেজ ক্যাশ। সেখানে ব্যান্ডউইথ আনমিটারড
যে সাইটের নিজের আলাদা ভার্চুয়াল সার্ভার দরকারসারাক্ষণ ভারী ট্রাফিক, বা এমন সেটআপ যা শেয়ার্ড হোস্টিংয়ে চলে নাVPS হোস্টিং, শুরু মাসে ৳৯৫০ থেকে

নিজের সাইটের সংখ্যা বের করতে পড়ুন কত জিবি হোস্টিং লাগবে। অথবা প্ল্যান ফাইন্ডারে কয়েকটি প্রশ্নের উত্তর দিন।

ওয়ার্ডপ্রেস সাইট স্লো হয় কেন?

প্লাগইন বেশি কাজ করছে

প্লাগইন কয়টি, তার চেয়ে বড় কথা প্লাগইনগুলো কী করছে। একটা ভারী স্লাইডার বা পেজ বিল্ডার প্রতিটি পেজে যতটা কাজ বাড়ায়, ২০টি ছোট প্লাগইন মিলেও ততটা বাড়ায় না। ফ্রি Query Monitor প্লাগইন দেখিয়ে দেয়, কোন প্লাগইন ডেটাবেসে ধীর কোয়েরি চালাচ্ছে।

ছবি কেউ ছোট করেনি

৬০০ পিক্সেলের প্রোডাক্ট গ্রিডে ৪ এমবির মোবাইল ছবি বসালে ক্রেতার ডেটা আর সময় দুটোই নষ্ট। আমাদের দেশে অনেকেই মোবাইল ডেটায় কেনাকাটা করেন, তাই ভারী পেজের দাম আপনাকে দিতে হয় বিক্রি দিয়ে।

পেজ ক্যাশ নেই

ক্যাশ না থাকলে প্রতিটি ভিজিটে ওয়ার্ডপ্রেস PHP চালায়, ডেটাবেসে খোঁজে, তারপর পেজ বানায়। এক মাস ধরে না বদলানো পেজের জন্যও একই পরিশ্রম। পেজ ক্যাশ বানানো HTML জমা রেখে সরাসরি পাঠিয়ে দেয়। একটা ফিক্স থেকে সবচেয়ে বেশি লাভ সাধারণত এখানেই মেলে, আর ভিড়ের সময় সার্ভারের ওপর চাপও কমে।

PHP লিমিট কম, ভার্সন পুরোনো

memory_limit ঠিক করে একটা রিকোয়েস্ট কত র‍্যাম নিতে পারবে। max_execution_time ঠিক করে সেটা কতক্ষণ চলতে পারবে। upload_max_filesize ঠিক করে সবচেয়ে বড় আপলোড কত হবে। এগুলো কম থাকলে Allowed memory size exhausted এরর আসে, নয়তো ইমপোর্ট মাঝপথে থেমে যায়। এখনকার মান দেখবেন Tools → Site Health → Info → Server-এ। পুরোনো PHP ভার্সনে ওয়ার্ডপ্রেস ধীরেও চলে, সিকিউরিটি আপডেটও আসে না।

বড় প্ল্যান নিলেও স্লো প্লাগইন স্লোই থাকবে

যে প্লাগইন প্রতিটি পেজ বানাতে দেরি করায়, দামি হোস্টিংয়েও সে দেরি করাবে। আগে কারণ খুঁজে বের করুন, তারপর ভাবুন আপগ্রেড আদৌ লাগবে কি না।

ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত করবেন কীভাবে?

এই ক্রমে করুন। শুরুর ফিক্সগুলোতে টাকা লাগে না, ফলও সবচেয়ে বেশি।

  1. আগে বাংলাদেশের ইন্টারনেট থেকে মাপুন। Chrome-এর Network ট্যাবে পেজটিতে ক্লিক করে Timing-এ Waiting for server response দেখুন। এটা বেশি হলে সমস্যা সার্ভারের দিকে: প্লাগইন, ক্যাশ বা ডেটাবেস। এটা কম অথচ পেজ ধীরে খোলে, তাহলে ছবি আর স্ক্রিপ্ট দেখুন। PageSpeed Insights পরামর্শের জন্য ভালো, তবে ওরা টেস্ট চালায় বাংলাদেশের বাইরে থেকে। তাই ঢাকার সার্ভার সেখানে আপনার ক্রেতার অভিজ্ঞতার চেয়ে ধীর দেখাতে পারে।
  2. ছবি কমপ্রেস করুন। আপলোডের আগে রিসাইজ করুন, WebP ব্যবহার করুন। পুরোনো ছবিগুলোর জন্য একটা বাল্ক কমপ্রেশন প্লাগইন চালান।
  3. একটা পেজ ক্যাশ প্লাগইন চালু করুন। আমাদের ওয়েব আর টার্বো প্ল্যানের সার্ভার LiteSpeed, তাই ফ্রি LiteSpeed Cache প্লাগইন দিয়েই শুরু করুন। এরপর প্রাইভেট উইন্ডোতে কার্ট, চেকআউট আর অ্যাকাউন্ট পেজ খুলে দেখুন, এগুলো যেন ক্যাশে না যায়।
  4. প্লাগইন ছাঁটাই করুন। সাইটের একটা কপিতে একটা একটা করে বন্ধ করে পেজের সময় মাপুন। যেটা লাগে না, মুছে দিন।
  5. PHP আপডেট করুন, লিমিট বাড়ান। কপিতে টেস্ট করে সাপোর্টেড ভার্সনে যান। WooCommerce-এ অনেকে memory_limit 256M রাখেন। আমাদের ওয়েব আর টার্বো প্ল্যানে এটা cPanel-এর PHP সেটিংসে পাবেন। অন্য হোস্টে কন্ট্রোল প্যানেলে দেখুন, না পেলে সাপোর্টকে জিজ্ঞেস করুন।
  6. ডেটাবেস পরিষ্কার করুন। পুরোনো রিভিশন, স্প্যাম কমেন্ট আর মেয়াদ ফুরানো ট্রানজিয়েন্ট মুছে দিন। আগে ব্যাকআপ নিয়ে নিন।
  7. WP-Cron-এর বদলে আসল ক্রন জব চালান। wp-config.php-তে define('DISABLE_WP_CRON', true); যোগ করুন। তারপর সার্ভারের ক্রন জবে প্রতি ১৫ মিনিটে wp-cron.php চালান। দ্বিতীয় কাজটা বাদ দিলে শিডিউল করা পোস্ট আর পাবলিশ হবে না।
  8. এবার প্ল্যান দেখুন। এত কিছুর পরও সার্ভার সাড়া দিতে দেরি করলে, আর র‍্যাম বা সিপিইউ লিমিটে ঠেকে থাকলে, আপগ্রেডের সময় হয়েছে।

WooCommerce-এর জন্য বাড়তি কী লাগে?

কার্ট, চেকআউট আর অ্যাকাউন্ট পেজ একেক ক্রেতার কাছে একেক রকম, তাই এগুলো ক্যাশে রাখা যায় না। ফলে ফেসবুক লাইভের ভিড় সরাসরি PHP-তে গিয়ে পড়ে। প্ল্যান ঠিক করুন ওই ভিড়ের হিসাবে, পণ্যের সংখ্যায় নয়। অর্ডার জমতে থাকলে WooCommerce-এর High-Performance Order Storage চালু করে দেখুন। পাবেন WooCommerce → Settings → Advanced → Features-এ।

পেমেন্টের জন্য বিকাশ, নগদ আর SSLCOMMERZ-এর গেটওয়ে প্লাগইন আছে। মার্চেন্ট অ্যাকাউন্ট অবশ্য আপনার নিজের লাগবে। সার্ভার বদলালে ছোট একটা আসল পেমেন্ট করে দেখুন, কারণ কিছু গেটওয়ে কলব্যাক ঠিকানা বা অনুমোদিত IP মিলিয়ে নেয়। দোকানের ডোমেইন নিয়ে ভাবলে পড়ুন ই-কমার্সের জন্য .bd ডোমেইন।

ওয়ার্ডপ্রেস সাইট নিরাপদ রাখবেন কীভাবে?

  • আপডেট ফেলে রাখবেন না। ওয়ার্ডপ্রেস, প্লাগইন, থিম, সব। বেশিরভাগ হ্যাক হয় পুরোনো প্লাগইনের জানা দুর্বলতা দিয়ে।
  • নালড থিম বা প্লাগইন কখনো নয়। ফ্রিতে পাওয়া "প্রিমিয়াম" ফাইল দিয়ে ম্যালওয়্যার ঢোকে হরহামেশাই। ঝুঁকিতে পড়ে আপনার ক্রেতাদের তথ্য।
  • যা ব্যবহার করেন না, মুছে দিন। প্লাগইন বন্ধ রাখলেও তার কোড সার্ভারে থেকেই যায়।
  • লগইন সুরক্ষিত রাখুন। শক্ত পাসওয়ার্ড দিন, টু-ফ্যাক্টর লগইন চালু করুন। ইউজারনেম admin রাখবেন না, আর লগইনের চেষ্টার সংখ্যা বেঁধে দিন।
  • ড্যাশবোর্ডের ফাইল এডিটর বন্ধ করুন। wp-config.php-তে define('DISALLOW_FILE_EDIT', true); যোগ করুন।
  • HTTPS চালু রাখুন। আমাদের ওয়েব আর টার্বো প্ল্যানে SSL ফ্রি। অন্য হোস্টে থাকলে সার্টিফিকেট কীভাবে ইস্যু আর রিনিউ হয়, জেনে নিন।
  • নিজের ব্যাকআপ রাখুন। আমাদের ওয়েব আর টার্বো প্ল্যানে নিয়মিত ব্যাকআপ থাকে, তবু ফাইল আর ডেটাবেসের নিজের কপি সার্ভারের বাইরে রাখুন, আর একবার রিস্টোর করে দেখুন কাজ করে কি না।

ওয়ার্ডপ্রেস সাইট এখন অন্য হোস্টে আছে? ওয়েব আর টার্বো প্ল্যানে আপনার সাইট আমরাই নিয়ে আসব, কোনো খরচ ছাড়াই। নিজে করতে চাইলে সাইট বন্ধ না রেখে বাংলাদেশি হোস্টিংয়ে আনার ধাপগুলো আলাদা করে লিখেছি। কোথাও আটকে গেলে টিকিট খুলুন, বা হোয়াটসঅ্যাপে আমাদের জিজ্ঞেস করুন।

সচরাচর জিজ্ঞাসা

শেয়ার্ড হোস্টিংয়ে কি ওয়ার্ডপ্রেস চলে?
চলে। ওয়ার্ডপ্রেসের দরকার PHP আর MySQL, আর শেয়ার্ড প্ল্যান এই ধরনের সাইটের জন্যই। স্কুল, কোম্পানি বা ব্লগের সাইট সেখানে আরামে চলে। তবে হঠাৎ ভিড় হয় এমন দোকানে বেশি সিপিইউ আর র‍্যাম লাগবে।
WooCommerce দোকানের জন্য কোন হোস্টিং প্ল্যান নেব?
পণ্যের সংখ্যা দেখে নয়, ভিড় দেখে ঠিক করুন। একই কয়েক মিনিটে কতজন চেকআউটে পৌঁছাবেন, হিসাব করে র‍্যাম আর এন্ট্রি প্রসেস মিলিয়ে দেখুন। এখন Turbo Go-তে র‍্যাম ৪ জিবি, এন্ট্রি প্রসেসের লিমিট ১০০। আমাদের BDIX হোস্টিং পেজের প্ল্যান ফাইন্ডারও সাহায্য করবে।
ওয়ার্ডপ্রেসে কত র‍্যাম লাগে?
দুটি সংখ্যা আলাদা করে বুঝুন। PHP র‍্যাম লিমিট একটা রিকোয়েস্টের লিমিট, WooCommerce-এ অনেকে ২৫৬ এমবি রাখেন। আর প্ল্যানের র‍্যাম একসঙ্গে চলা সব পেজ মিলে ভাগ করে নেয়। মোটামুটি হিসাবে ওয়ার্ডপ্রেসে পেজপ্রতি ৬৪ এমবি আর WooCommerce-এ ১২৮ এমবি ধরুন।
বাংলাদেশি হোস্টিংয়ে কি ওয়ার্ডপ্রেস সাইট দ্রুত হবে?
দেশের নেটওয়ার্কের ভিজিটরদের জন্য পথ ছোট হবে। কিন্তু ভারী প্লাগইন বা বড় ছবির সমস্যা এতে মিটবে না। আর বিদেশের ভিজিটররা আসবেন আন্তর্জাতিক রুটে। তাই ভিজিটরদের বেশিরভাগ বিদেশে হলে তাঁদের কাছাকাছি হোস্টিং বা CDN ভালো।
ক্যাশ প্লাগইন কি লাগবেই?
প্রায় সব ওয়ার্ডপ্রেস সাইটেই লাগবে, যদি না হোস্ট নিজেই পেজ ক্যাশ করে। একটাই চালাবেন, দুটি চালালে একটা আরেকটির কাজে বাধা দেয়। কার্ট, চেকআউট আর অ্যাকাউন্ট পেজ যেন ক্যাশে না যায়।
WooCommerce-এ কি বিকাশ আর নগদে পেমেন্ট নিতে পারব?
পারবেন, গেটওয়ে প্লাগইন দিয়ে। SSLCOMMERZ-ও অনেকে ব্যবহার করেন। গেটওয়েতে আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। সার্ভার বদলালে ছোট একটা আসল পেমেন্ট করে দেখে নিন সব ঠিক আছে কি না।
#হোস্টিং #ওয়ার্ডপ্রেস #WooCommerce #পারফরম্যান্স #নিরাপত্তা

ওয়েবসাইট রাখুন বাংলাদেশেই

ওয়েব, টার্বো আর VPS প্ল্যান, ঢাকায় আমাদের BDIX-যুক্ত সার্ভারে, বিল টাকায়। নেওয়ার আগে নিজের ইন্টারনেট থেকে পিংটা মেপে দেখুন।

BDIX হোস্টিং প্ল্যান দেখুন