কত জিবি হোস্টিং লাগবে? ব্যান্ডউইথ, স্টোরেজ ও র্যামের হিসাব
ভিজিটর × পেজ × পেজের ওজন, এই গুণেই ব্যান্ডউইথ বের হয়। সঙ্গে স্টোরেজ আর র্যামের হিসাব, এন্ট্রি প্রসেস আসলে কী, আর বাংলাদেশের তিনটি উদাহরণ।
হোস্টিং কতটুকু লাগবে, সেটা আন্দাজে ঠিক করার দরকার নেই। তিনটি হিসাব করলেই উত্তর পাবেন: মাসে কত ব্যান্ডউইথ, কত স্টোরেজ, আর একই মুহূর্তে সার্ভারকে কয়টি পেজ বানাতে হবে। মানুষ যতটা ভয় পান, ছোট সাইটের চাহিদা সাধারণত তার চেয়ে অনেক কম। একটা স্কুলের সাইটে মাসে প্রায় ২৭ জিবি ব্যান্ডউইথ আর ৯ জিবি স্টোরেজ লাগে। WooCommerce-এ জামাকাপড়ের দোকান চালালে লাগে প্রায় ৯০ জিবি আর ১০ জিবি। তবে কোন প্ল্যান নেবেন, সেটা মাসের মোট হিসাব সাধারণত ঠিক করে না। ঠিক করে হঠাৎ আসা ভিড়।
নিচে ফর্মুলা আর তিনটি উদাহরণ আছে। এত অঙ্ক করতে না চাইলে প্ল্যান ফাইন্ডারে কয়েকটি প্রশ্নের উত্তর দিন। আপনার উত্তর দেখে ওটাই প্ল্যান মিলিয়ে দেবে।
ব্যান্ডউইথ কীভাবে হিসাব করবেন?
আপনার সার্ভার মাসে মোট যত ডেটা পাঠায়, সেটাই ব্যান্ডউইথ। হিসাবটা এরকম:
মাসিক ভিজিটর × প্রতি ভিজিটে পেজ × পেজের ওজন
ধরুন মাসে ১০,০০০ ভিজিটর আসেন, আর প্রত্যেকে ২ এমবি ওজনের ৩টি পেজ দেখেন। তাহলে ১০,০০০ × ৩ × ২ = ৬০,০০০ এমবি, মানে ৬০ জিবি। হিসাব সহজ রাখতে আমরা ১ জিবি = ১,০০০ এমবি ধরছি।
- ভিজিটর আর পেজ: Google Analytics বা হোস্টের স্ট্যাটস দেখুন। সাইট এখনো না থাকলে ফেসবুক পেজের রিচ বা দোকানের ক্রেতার সংখ্যা থেকে আন্দাজ করুন। যা আশা করছেন তা নয়, যা বাস্তবে দেখছেন সেটাই ধরুন।
- পেজের ওজন: Chrome-এ আপনার সাইটের একটা সাধারণ পেজ খুলে F12 চাপুন। Network ট্যাবে গিয়ে পেজটি রিলোড দিন। নিচের দিকে
transferredলেখাটার পাশে যে সংখ্যা দেখবেন, সেটাই ওজন। - বাড়তি হাতে রাখুন: ফলাফলের ওপর ৫০% যোগ করুন। বট, আপনার নিজের অ্যাডমিন প্যানেলের কাজ আর ব্যস্ত দিনের ট্রাফিক এই হিসাবে ধরা পড়ে না।
ওয়েবসাইটে কত স্টোরেজ লাগে?
ডিস্কে আসলে যা যা থাকে, সেগুলো যোগ করুন:
- সাইটের ফাইল: থিম আর প্লাগইনসহ একটা ওয়ার্ডপ্রেস সাইট সাধারণত ১ জিবির আশপাশে থাকে।
- ছবি আর ডকুমেন্ট: সংখ্যা × গড় সাইজ। একটা ছবি আপলোড করলে ওয়ার্ডপ্রেস তার কয়েকটি সাইজ বানিয়ে রাখে, এটাও হিসাবে ধরুন।
- ডেটাবেস: ব্লগে ছোটই থাকে। অর্ডার বা খবর যত বাড়ে, ডেটাবেসও তত বাড়ে।
- ইমেইল: বেশিরভাগ হোস্টে মেইলবক্স আর সাইট একই ডিস্কে থাকে।
- সার্ভারে রাখা ব্যাকআপ: প্রতিটি ব্যাকআপ পুরো সাইটের একটা কপি। মূল কপিটা সার্ভারের বাইরে রাখুন।
মোট যা আসে, তাকে ০.৭ দিয়ে ভাগ করুন। ডিস্ক ৭০%-এর মতো ভরা থাকলে আপডেট আর ব্যাকআপ চালানোর জায়গা পাবেন।
ওয়েবসাইটে কত র্যাম আর সিপিইউ লাগে?
সাধারণ HTML পেজে প্রায় কিছুই লাগে না। ওয়ার্ডপ্রেসের মতো PHP সাইট আলাদা। কেউ পেজ চাইলে সার্ভার তখনই পেজটি বানায়, আর বানানো শেষ না হওয়া পর্যন্ত র্যাম ও সিপিইউ আটকে রাখে। তাই:
র্যাম = একসঙ্গে যতগুলো পেজ বানাতে হচ্ছে × প্রতি পেজের র্যাম
হিসাবের সুবিধার জন্য সাধারণ ওয়ার্ডপ্রেসে পেজপ্রতি ৬৪ এমবি আর WooCommerce-এ ১২৮ এমবি ধরুন। সিপিইউ কোরের চেয়ে বেশি পেজ একসঙ্গে চললে পেজগুলো পালা করে চলে, আর সাইট ধীর হয়ে যায়। এখন প্রশ্ন একটাই: "একসঙ্গে" মানে কয়টি?
হোস্টিংয়ে এন্ট্রি প্রসেস মানে কী?
ব্যাংকের কাউন্টারের কথা ভাবুন। এন্ট্রি প্রসেস মানে ঠিক এই মুহূর্তে কাউন্টারে দাঁড়িয়ে যতজন কাজ করাচ্ছেন। দিনে কতজন ভিজিটর এলেন, সেটা নয়। একটা শাখায় কাউন্টার হয়তো তিনটি, অথচ মাসে হাজার হাজার মানুষ কাজ সেরে যান, কারণ সবাই একসঙ্গে আসেন না।
কাউন্টারে ভিড় = সেকেন্ডে কয়টি পেজের রিকোয়েস্ট আসে × একটা পেজ বানাতে কত সেকেন্ড লাগে
ধরুন মাসে ৩০,০০০ ভিজিটর, প্রত্যেকে ৩টি পেজ দেখেন। মোট ৯০,০০০ পেজ। এটাকে ৩০ দিনে আর দিনের ব্যস্ত ১২ ঘণ্টায় (৪৩,২০০ সেকেন্ড) ছড়িয়ে দিন: ৯০,০০০ ÷ ৩০ ÷ ৪৩,২০০ = সেকেন্ডে প্রায় ০.০৭টি পেজ। একটা পেজ বানাতে ১ সেকেন্ড লাগলে কাউন্টার বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। সংখ্যাটা বাড়ে শুধু হঠাৎ ভিড়ে।
আপনার সাইটে পেজ বানাতে কত সময় লাগে, দেখতে চাইলে Network ট্যাবে পেজটিতে ক্লিক করুন। তারপর Timing-এ Waiting for server response দেখুন।
লিমিট পার হলে পরের ভিজিটর ধীর পেজ পান না, সরাসরি 503 বা 508-এর মতো এরর দেখেন। ভিড় কমলে এরর চলে যায়। ক্যাশ করা পেজে PHP চালাতে হয় না, তাই সেই রিকোয়েস্ট প্রায় সঙ্গে সঙ্গে কাউন্টার ছেড়ে দেয়। এই সংখ্যা কমানোর সবচেয়ে সহজ উপায় ক্যাশ।
I/O লিমিট মানে কী?
I/O হলো আপনার অ্যাকাউন্ট কত দ্রুত ডিস্ক থেকে পড়তে আর ডিস্কে লিখতে পারবে। ব্যাংকের উদাহরণে এটা স্টোররুমের দরজা। দরজা সরু হলে স্টাফ যত তাড়াই করুক, ফাইল আনতে সময় লাগবেই। ব্যাকআপ রিস্টোর, বড় ডেটাবেস ইমপোর্ট বা ক্যাশ ছাড়া ভারী সাইটে এটা টের পাবেন। এই লিমিটে পৌঁছালে সাইট সাধারণত এরর দেখায় না, শুধু ধীর হয়ে যায়।
এক কথায়
ব্যান্ডউইথ হলো মাসের মোট হিসাব। এন্ট্রি প্রসেস হলো ঠিক এই সেকেন্ডের হিসাব। একটাতে অনেক জায়গা থাকলেও অন্যটিতে আপনার সাইট লিমিটে ঠেকে থাকতে পারে।
বাংলাদেশের তিনটি উদাহরণ
নিচের ট্রাফিকের সংখ্যাগুলো আমাদের ধরে নেওয়া, আপনি নিজেরটা বসিয়ে নিন। প্রতিটিতে ব্যান্ডউইথে ৫০% যোগ করেছি, স্টোরেজকে ০.৭ দিয়ে ভাগ করেছি, আর সাধারণ একটা পেজ বানাতে ১ সেকেন্ড ধরেছি।
স্কুলের ওয়েবসাইট
নোটিশ, রেজাল্ট, ভর্তির ফরম আর ফটো গ্যালারি। শিক্ষকরা স্কুলের ইমেইল ব্যবহার করেন।
- ব্যান্ডউইথ: ৩,০০০ ভিজিটর × ৪ পেজ × ১.৫ এমবি = ১৮ জিবি। ৫০% যোগ করলে ২৭ জিবি।
- স্টোরেজ: সাইট ১ জিবি + পিডিএফ ও ছবি ১ জিবি + ইমেইল ৪ জিবি (২০টি মেইলবক্স × ২০০ এমবি) = ৬ জিবি। ০.৭ দিয়ে ভাগ করলে প্রায় ৯ জিবি।
- ভিড়: রেজাল্টের দিন ৫ মিনিটে ৫০০ জন অভিভাবক ঢুকলেন, প্রত্যেকে ২টি পেজ দেখলেন। ১,০০০ পেজ ÷ ৩০০ সেকেন্ড = সেকেন্ডে ৩.৩টি, মানে কাউন্টারে প্রায় ৪ জন। র্যাম: ৪ × ৬৪ এমবি = ২৫৬ এমবি।
নিচের ওয়েব হোস্টিং টেবিল থেকে মেলানো শুরু করুন। এখানে প্ল্যান ঠিক করে দেবে স্টোরেজ, মূলত ইমেইলের জন্য।
ফেসবুকের জামাকাপড়ের দোকান, এবার WooCommerce-এ
এতদিন অর্ডার আসত ইনবক্সে। এখন নিজের সাইটে ৩০০টি পণ্য, প্রতিটিতে ৫টি করে ছবি।
- ব্যান্ডউইথ: ১০,০০০ ভিজিটর × ৫ পেজ × ২.৫ এমবি = ১২৫ জিবি। পেজ এত ভারী হয় মোবাইলে তোলা ছবির জন্য। ছবি কমপ্রেস করে পেজ ১.২ এমবিতে নামালে হয় ৬০ জিবি, ৫০% যোগ করে ৯০ জিবি।
- স্টোরেজ: ৩০০ পণ্য × ৫ ছবি × ০.৬ এমবি (মূল ছবি আর WooCommerce-এর বানানো ছোট সাইজগুলো মিলিয়ে) = ৯০০ এমবি। সাইটের ফাইল ১ জিবি আর ডেটাবেস ০.৫ জিবি যোগ করলে ২.৪ জিবি। সার্ভারে দুটি ব্যাকআপ কপি রাখলে ৭.২ জিবি। ০.৭ দিয়ে ভাগ করলে প্রায় ১০ জিবি।
- ভিড়: ফেসবুক লাইভ থেকে ৫ মিনিটে ৩০০ জন এলেন, প্রত্যেকে ৪টি পেজ দেখলেন। ১,২০০ ÷ ৩০০ = সেকেন্ডে ৪টি পেজ। কার্ট আর চেকআউট ক্যাশে রাখা যায় না, তাই পেজপ্রতি ১.৫ সেকেন্ড ধরুন। কাউন্টারে ৬ জন। র্যাম: ৬ × ১২৮ এমবি = ৭৬৮ এমবি।
এখানে ভয়টা ভিড়ের সময়। চেকআউটে এরর দেখলে ক্রেতা আর ফিরে আসেন না, বিক্রিটাই হাতছাড়া হয়। তাই বড় ওয়েব হোস্টিং প্ল্যানের পাশে টার্বোও মিলিয়ে দেখুন। সাইট চালুর আগে আমাদের ওয়ার্ডপ্রেস ও WooCommerce গাইডটি পড়ে নিন।
স্থানীয় নিউজ পোর্টাল
দিনে ৩০টি খবর।
- ব্যান্ডউইথ: ২,০০,০০০ ভিজিটর × ২ পেজ × ২ এমবি = ৮০০ জিবি। ৫০% যোগ করলে ১.২ টিবি।
- স্টোরেজ: ৩০ খবর × ৩৬৫ দিন = বছরে ১০,৯৫০টি খবর। খবরপ্রতি ১ এমবি ছবি ধরলে বছরে প্রায় ১১ জিবি, সঙ্গে ডেটাবেস ১ জিবি। তিন বছরে ৩৬ জিবি, সাইটের ফাইল মিলিয়ে ৩৭ জিবি। ০.৭ দিয়ে ভাগ করলে প্রায় ৫৩ জিবি।
- ভিড়: বড় একটা খবর এলো। ১০ মিনিটে ৫,০০০ জন ঢুকলেন, প্রত্যেকে ২টি পেজ দেখলেন। ১০,০০০ ÷ ৬০০ = সেকেন্ডে প্রায় ১৭টি পেজ। মানে কাউন্টারে ১৭ জন, আর র্যাম ১৭ × ৬৪ এমবি = প্রায় ১.১ জিবি। পেজ ক্যাশ ৯০% রিকোয়েস্টের উত্তর দিলে PHP পর্যন্ত পৌঁছায় সেকেন্ডে মাত্র ১.৭টি। তখন কাউন্টারে প্রায় ২ জন, র্যাম ১২৮ এমবির মতো।
এখানে আপগ্রেডের চেয়ে ক্যাশ অনেক বেশি কাজের। মাসে ১.২ টিবি হলে আগে দেখুন মিটারড ব্যান্ডউইথে কুলায় কি না। আর পাঠকের বড় অংশ প্রবাসী হলে একটা কথা মাথায় রাখুন: বিদেশ থেকে বাংলাদেশের সার্ভারে আসতে হয় আন্তর্জাতিক রুট দিয়ে। তাঁদের জন্য কাছাকাছি হোস্টিং বা একটা CDN বেশি কাজে দেবে।
আপনার হিসাব বর্তমান প্ল্যানের সঙ্গে মিলিয়ে দেখুন
| সাইট | মাসিক ব্যান্ডউইথ | স্টোরেজ | ভিড়ে কাউন্টারে | ভিড়ে র্যাম |
|---|---|---|---|---|
| স্কুল | ২৭ জিবি | ৯ জিবি | ৪ জন | ২৫৬ এমবি |
| জামাকাপড়ের দোকান | ৯০ জিবি | ১০ জিবি | ৬ জন | ৭৬৮ এমবি |
| নিউজ পোর্টাল | ১.২ টিবি | ৫৩ জিবি | ১৭ জন, ক্যাশ থাকলে ২ জন | ১.১ জিবি, ক্যাশ থাকলে ১২৮ এমবি |
ওয়েব হোস্টিং শুরু মাসে ৳১৯৯ থেকে। এখনকার সংখ্যাগুলো এই:
| প্ল্যান | স্টোরেজ | ব্যান্ডউইথ | র্যাম | I/O |
|---|---|---|---|---|
| Go | ১ জিবি NVMe | ১০০ জিবি | ০.৫ জিবি | ১০ Mb/s |
| Starter | ৫ জিবি NVMe | ২৫০ জিবি | ১ জিবি | ২০ Mb/s |
| Medium | ১০ জিবি SSD | ৫০০ জিবি | ২ জিবি | ২০ Mb/s |
| Advanced | ২০ জিবি NVMe | ১ টিবি | ৩ জিবি | ৫০ Mb/s |
এই প্ল্যানগুলোতে এন্ট্রি প্রসেসের সংখ্যা লেখা নেই। তাই ভিড়ের আশঙ্কা থাকলে টিকিট খুলে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিন। টার্বো হোস্টিং শুরু মাসে ৳৮২৫ থেকে। এখানে ব্যান্ডউইথ আনমিটারড, আর এন্ট্রি প্রসেসের লিমিটও লেখা আছে:
| প্ল্যান | স্টোরেজ | র্যাম | সিপিইউ | এন্ট্রি প্রসেস |
|---|---|---|---|---|
| Turbo Go | ৫০ জিবি | ৪ জিবি | ৪ কোর | ১০০ |
| Turbo Strong | ৮০ জিবি | ৬ জিবি | ৬ কোর | ১৫০ |
| Turbo Powerful | ১২০ জিবি | ৮ জিবি | ৮ কোর | ২০০ |
| Turbo Mighty | ১৫০ জিবি NVMe | ৮ জিবি | ৮ কোর | ২৫০ |
কোন হোস্টিং প্ল্যান নেবেন?
পাঁচ বছরের হিসাব করবেন না, আগামী ১২ মাসের হিসাব করুন। দুটি প্ল্যানেই ব্যান্ডউইথ আর স্টোরেজে কুলিয়ে গেলে র্যাম আর ভিড় দেখে একটা বেছে নিন। তিন ধরনের হোস্টিংয়ের পার্থক্য জানতে পড়ুন শেয়ার্ড, টার্বো নাকি VPS। নিজের জন্য আলাদা ভার্চুয়াল সার্ভার চাইলে VPS হোস্টিং শুরু মাসে ৳৯৫০ থেকে।
হিসাব ঠিক হলো কি না বুঝতে পারছেন না? প্ল্যান ফাইন্ডারে কয়েকটি প্রশ্নের উত্তর দিন। অথবা আপনার তিনটি সংখ্যা টিকিটে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমাদের জিজ্ঞেস করুন।
সচরাচর জিজ্ঞাসা
১০০ জিবি ব্যান্ডউইথে মাসে কতজন ভিজিটর আসতে পারবে?
এন্ট্রি প্রসেস কি দিনে কতজন ভিজিটর আসবে তার লিমিট?
ব্যান্ডউইথ শেষ হয়ে গেলে সাইটের কী হবে?
আনমিটারড ব্যান্ডউইথ মানে কি আনলিমিটেড ট্রাফিক?
ইমেইল কি হোস্টিংয়ের স্টোরেজ থেকেই জায়গা নেয়?
ওয়েবসাইট রাখুন বাংলাদেশেই
ওয়েব, টার্বো আর VPS প্ল্যান, ঢাকায় আমাদের BDIX-যুক্ত সার্ভারে, বিল টাকায়। নেওয়ার আগে নিজের ইন্টারনেট থেকে পিংটা মেপে দেখুন।
BDIX হোস্টিং প্ল্যান দেখুন