বাংলাদেশি হোস্টিংয়ে ওয়েবসাইট ট্রান্সফার করার নিয়ম
হোস্টিং বদলানোর নিরাপদ ক্রম: তালিকা, ব্যাকআপ, TTL কমানো, কপি, hosts ফাইলে টেস্ট, DNS বদল, MX সামলানো, আর পুরোনো হোস্ট কিছুদিন চালু রাখা।
get.bd-র ওয়েব বা টার্বো হোস্টিংয়ে আসছেন? আপনি ফ্রি মাইগ্রেশন পাচ্ছেন, সাইটটা আমরাই নিয়ে আসব। নিজে করতে চাইলে নিরাপদ ক্রমটা নিচে আছে।
হোস্টিং বদলাতে সাইট বন্ধ রাখতে হয় না। পুরোনো আর নতুন সার্ভার কিছুদিন পাশাপাশি চলে, আর DNS না বদলানো পর্যন্ত ভিজিটররা পুরোনো সার্ভারেই যান। আপনি আগে সাইট কপি করবেন, নিজের কম্পিউটারের hosts ফাইল দিয়ে টেস্ট করবেন, তারপর DNS বদলাবেন। পুরোনো হোস্ট রেখে দেবেন অন্তত এক সপ্তাহ। ট্রান্সফারে গোলমাল সাধারণত দুই জায়গায় হয়: ইমেইলের রেকর্ড ভুলে যাওয়া, আর কপির পর ডেটাবেসে নতুন অর্ডার জমে যাওয়া। নিচের ক্রমে কাজ করলে দুটোই এড়াতে পারবেন।
বাংলাদেশি সার্ভারে আনা কি আপনার জন্য ঠিক?
আপনার ভিজিটররা বাংলাদেশে থাকলে দেশের সার্ভারে তাঁদের ডেটার পথ ছোট হয়। কেন হয়, সেটা আছে BDIX আর বিদেশি হোস্টিংয়ের তুলনায়। আর নিজের ইন্টারনেট থেকে পার্থক্যটা দেখতে চাইলে লাইভ পিং টেস্ট চালান। get.bd-র প্ল্যানগুলো চলে ঢাকায় আমাদের ডেটাসেন্টার থেকে, BDIX-এ যুক্ত হয়ে। নেটওয়ার্ক AS141988, BDIX-এ ১০ Gbps পোর্ট, রেকর্ড PeeringDB-তে সবার জন্য খোলা।
ভিজিটরদের বেশিরভাগ বিদেশে হলে হিসাব উল্টে যায়। তাঁদের আন্তর্জাতিক রুট ঘুরে বাংলাদেশের সার্ভারে আসতে হয়। তাহলে তাঁদের কাছাকাছি হোস্টিং বা CDN বেশি কাজে দেবে।
ধাপ ১: সাইট কীসের ওপর চলছে, তালিকা করুন
- DNS রেকর্ড: সব A, CNAME, MX আর TXT রেকর্ডের স্ক্রিনশট নিন। আগে দেখে নিন DNS কোথায় আছে।
nslookup -type=ns yourdomain.com.bdচালালে নেম সার্ভারের নাম আসবে, রেকর্ড বদলাতে হবে সেখানেই। - সাইটের চাহিদা: PHP ভার্সন, ডেটাবেস ভার্সন, ক্রন জব আর সাবডোমেইন।
- ইমেইল: মেইল কি পুরোনো হোস্টে, নাকি Google Workspace বা Zoho-তে? সব মেইলবক্স আর ফরওয়ার্ডারের তালিকা রাখুন।
- বাইরের সার্ভিস: কিছু এসএমএস আর পেমেন্ট গেটওয়ে শুধু অনুমোদিত সার্ভার IP থেকে রিকোয়েস্ট নেয়। DNS বদলানোর আগেই নতুন IP তাদের তালিকায় তুলে নিন।
- লগইন: ডোমেইন, DNS, পুরোনো হোস্ট, FTP বা SSH। সবগুলোতে এখনই একবার ঢুকে দেখুন, শেষ দিনের জন্য ফেলে রাখবেন না।
ধাপ ২: ফাইল আর ডেটাবেসের ব্যাকআপ নিন
পুরো সাইটের ফোল্ডার কপি করুন, সাধারণত সেটা public_html। .htaccess-এর মতো লুকানো ফাইলও যেন বাদ না পড়ে। ডেটাবেস .sql ফাইলে এক্সপোর্ট করুন, phpMyAdmin দিয়ে অথবা এই কমান্ডে:
mysqldump -u USER -p DATABASE > backup.sql
দুটোই নিজের কম্পিউটারে নামিয়ে খুলে দেখুন, ফাইল খালি কি না। যে হোস্টেই থাকুন, নিজের কাছে একটা কপি রাখুন। আর হোস্টের ব্যাকআপে আসলে কী কী থাকে, জিজ্ঞেস করে নিন।
ধাপ ৩: এক-দুই দিন আগে DNSের TTL কমান
TTL বলে দেয়, অন্য DNS সার্ভার একটা রেকর্ড কতক্ষণ মনে রাখবে। এখন যেখানে আপনার DNS আছে, সেখানে A, www আর MX রেকর্ডের TTL ৩০০ সেকেন্ডে নামান। কাজটা DNS বদলানোর অন্তত এক দিন আগে করুন, কারণ নতুন TTL সবার কাছে পৌঁছায় পুরোনো TTL শেষ হওয়ার পর। পুরোনো TTL ৮৬,৪০০ সেকেন্ড হলে পুরো এক দিন অপেক্ষা করতে হবে, ৩,৬০০ হলে এক ঘণ্টা।
নেম সার্ভার বদলে TTL কাজে আসে না
TTL কম থাকলে A রেকর্ড দ্রুত বদলায়। কিন্তু নেম সার্ভারের তথ্য থাকে রেজিস্ট্রিতে, ওটার সময় আপনি কমাতে পারবেন না। তাই নেম সার্ভার বদলালে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় ধরে রাখুন।
ধাপ ৪: নতুন সার্ভারে সাইট কপি করুন
নতুন প্ল্যান অর্ডার করুন। get.bd-র ওয়েব ও টার্বো হোস্টিংয়ে অর্ডারের সময় আগের ডোমেইনটাই ব্যবহার করার অপশন আছে। ডোমেইনও get.bd-তে থাকলে দুটোই my.get.bd-র একই ক্লায়েন্ট এরিয়ায় পাবেন। শুধু অর্ডার করলে ভিজিটরদের কিছু বদলায় না, DNS না বদলানো পর্যন্ত তাঁরা পুরোনো হোস্টেই যাবেন। এবার:
- হোস্টিং কন্ট্রোল প্যানেলে ডোমেইনটি যোগ করুন, যাতে সার্ভার বোঝে কোন সাইট দেখাতে হবে।
- সাইটের ফোল্ডারে ফাইলগুলো আপলোড করুন।
- নতুন ডেটাবেস আর ইউজার বানিয়ে
.sqlফাইলটি ইমপোর্ট করুন। - সাইটের কনফিগে নতুন ডেটাবেসের তথ্য বসান। ওয়ার্ডপ্রেসে এগুলো থাকে
wp-config.php-তে:DB_NAME,DB_USER,DB_PASSWORDআরDB_HOST। - আগে টুকে রাখা PHP ভার্সন মিলিয়ে নিন। ক্রন জব আর সাবডোমেইন আবার বানান।
ডোমেইন একই থাকছে, তাই সাইটের ভেতরের ঠিকানা বদলানোর দরকার নেই।
ধাপ ৫: DNS বদলানোর আগে hosts ফাইলে টেস্ট করুন
hosts ফাইল শুধু আপনার কম্পিউটারে DNSকে পাশ কাটিয়ে যায়। ফলে আপনি নতুন সার্ভারের সাইট দেখবেন, বাকি সবাই পুরোনোটাই দেখবেন। এক লাইন যোগ করুন, উদাহরণের IPর জায়গায় আপনার নতুন সার্ভারের IP বসিয়ে:
203.0.113.10 yourdomain.com.bd www.yourdomain.com.bd
- Windows: Notepad-এ ডান ক্লিক করে Run as administrator দিন।
C:\Windows\System32\drivers\etc\hostsফাইলটি খুলে লাইনটি যোগ করুন। তারপরipconfig /flushdnsচালান। - Mac বা Linux:
sudoদিয়ে/etc/hostsফাইলটি এডিট করুন।
ping yourdomain.com.bd চালিয়ে দেখুন নতুন IP আসছে কি না। এরপর প্রাইভেট উইন্ডোতে সাইট খুলে একজন ক্রেতার মতো ঘুরে দেখুন: ভেতরের পেজ, ছবি, কনট্যাক্ট ফরম, লগইন, অ্যাডমিন প্যানেল, চেকআউট। নতুন সার্ভারে এই ডোমেইনের সার্টিফিকেট না থাকলে ব্রাউজার সতর্কবার্তা দেখাবে। ঘাবড়াবেন না, এর মানে কপিতে ভুল হয়েছে এমন নয়। টেস্ট শেষে লাইনটি মুছে দিন। নইলে DNS বদলানোর পর আসল ভিজিটররা কী দেখছেন, আপনি বুঝতে পারবেন না।
ধাপ ৬: A রেকর্ড নাকি নেম সার্ভার, ঠিক করুন
| A রেকর্ড বদলালে | নেম সার্ভার বদলালে | |
|---|---|---|
| DNS থাকবে | এখন যেখানে আছে সেখানেই | নতুন হোস্টে |
| কাজ শুরু হবে | কমানো TTL অনুযায়ী, সাধারণত কয়েক মিনিটে | ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে |
| ফিরে যেতে চাইলে | পুরোনো IP আবার বসিয়ে দিন | আবার নেম সার্ভার বদলে আবার অপেক্ষা |
| ইমেইল | MX রেকর্ডে হাত পড়ে না | নতুন হোস্টে আবার না বসালে মেইল আসা বন্ধ হয়ে যাবে |
ইমেইল বা অন্য সার্ভিস অন্য জায়গায় থাকলে A রেকর্ড বদলান। সাইট আর ইমেইল দুটোই নতুন হোস্টে চালালে নেম সার্ভার বদলান। প্রতিটির সঠিক সেটিং পাবেন ডোমেইন হোস্টিংয়ে যুক্ত করার গাইডে।
ধাপ ৭: বদলানোর আগেই ইমেইল (MX) সামলে নিন
- মেইল Google Workspace, Zoho বা এমন কোথাও: A রেকর্ড বদলালে কিছুই করতে হবে না। নেম সার্ভার বদলালে আগেই নতুন হোস্টে MX রেকর্ড আর SPF, DKIM, DMARC-এর TXT রেকর্ড বসিয়ে নিন।
- মেইল আপাতত পুরোনো হোস্টেই থাকবে: দেখুন MX রেকর্ড কোন নামে পয়েন্ট করা। মূল ডোমেইনে, অথবা মূল ডোমেইনের IPতেই চলা
mailনামে পয়েন্ট করা থাকলে A রেকর্ড বদলানোর সঙ্গে মেইলও নতুন সার্ভারে চলে যাবে। তাই আগেই পুরোনো সার্ভারের IP দিয়েmail-এর একটা A রেকর্ড বানান, আর MX সেটাতে পয়েন্ট করুন। - মেইলও নতুন হোস্টে যাবে: আগে একই নামের মেইলবক্সগুলো বানান, আর DNS বদলানোর সময় MX বদলান। পুরোনো মেইল IMAP দিয়ে কপি করুন, মেইল ক্লায়েন্টে অথবা imapsync-এ। পুরোনো মেইলবক্স খোলা রাখুন, কারণ প্রোপাগেশনের সময় কিছু মেইল সেখানেই আসবে।
সাইট নিজে মেইল পাঠালে, যেমন অর্ডার কনফার্মেশন, SPF রেকর্ডে নতুন সার্ভার যোগ করুন। সব শেষে বাইরের একটা ঠিকানায় মেইল পাঠান, সেখান থেকেও একটা পাঠিয়ে দেখুন। বিস্তারিত পাবেন .bd ডোমেইনে ইমেইল সেটআপের গাইডে।
ধাপ ৮: শেষবার কপি করে DNS বদলান
আপনার সাইটে অর্ডার, কমেন্ট বা নতুন খবর এলে ধাপ ৪-এর কপি এতক্ষণে পুরোনো হয়ে গেছে। তাই সবচেয়ে ফাঁকা সময়টা বেছে নিন, আর পুরোনো সাইটে নতুন কিছু জমা হওয়া থামান। দোকান হলে মেইনটেন্যান্স মোড দিন, বা চেকআউট বন্ধ রাখুন। ডেটাবেস আবার এক্সপোর্ট করে নতুন সার্ভারে ইমপোর্ট করুন, নতুন আপলোডগুলোও কপি করুন। তারপরই DNS বদলে দিন। যে সাইটে কিছু বদলায়নি, সেখানে এই বাড়তি কপি লাগবে না।
nslookup yourdomain.com.bd 8.8.8.8 চালিয়ে নতুন IP পেলে দেখুন https:// সতর্কবার্তা ছাড়া খুলছে কি না। get.bd-র ওয়েব আর টার্বো প্ল্যানে SSL ফ্রি। অন্য হোস্টে গেলে সার্টিফিকেট কীভাবে ইস্যু হয়, আগেই জেনে নিন। অনেক হোস্ট ডোমেইন তাদের দিকে আসার পরই সার্টিফিকেট দিতে পারে।
ধাপ ৯: পুরোনো হোস্ট চালু রাখুন
সব DNS সার্ভার একসঙ্গে নতুন তথ্য পায় না। তাই কিছুদিন কিছু ভিজিটর আর কিছু মেইল পুরোনো সার্ভারে যাবে। পুরোনো হোস্ট অন্তত এক সপ্তাহ রাখুন, ইমেইলও সরালে দুই সপ্তাহ। এই সময়ে পুরোনো সার্ভারের অ্যাকসেস লগ দেখুন। সেখানে কোনো অর্ডার এলে হাতে তুলে আনুন, আর পুরোনো মেইলবক্সে চোখ রাখুন। অফিসের ইন্টারনেটের পাশাপাশি মোবাইল ডেটা থেকেও সাইট খুলে দেখুন।
ধাপ ১০: সব শান্ত হলে তবেই বাতিল করুন
পুরোনো লগে শুধু বট দেখলে, সেখানে মেইল আসা বন্ধ হলে, আর ফাইল, ডেটাবেস ও মেইলবক্সের শেষ কপি নিজের কাছে থাকলে তবেই বাতিল করুন। এরপর TTL আবার ৩,৬০০-তে তুলে দিন।
হোস্টিং বাতিল করুন, ডোমেইন নয়
আপনার ডোমেইনও পুরোনো কোম্পানির কাছে থাকলে শুধু হোস্টিং বাতিল করুন। ডোমেইনের মেয়াদ যেন শেষ না হয়। ডোমেইন ট্রান্সফার আলাদা কাজ, ওটা পরে করলেও চলবে।
কোথায় যাবেন এখনো ঠিক করেননি? প্ল্যান ফাইন্ডারে কয়েকটি প্রশ্নের উত্তর দিলে ঠিক করা সহজ হবে। কোনো ধাপে আটকে গেলে টিকিট খুলুন, বা হোয়াটসঅ্যাপে আমাদের জিজ্ঞেস করুন। নিজে না করতে চাইলে সাইট এখন কোথায় আছে জানান, আমরাই নিয়ে আসব।
সচরাচর জিজ্ঞাসা
হোস্টিং বদলালে কি ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে?
ওয়েবসাইট ট্রান্সফার করতে কত সময় লাগে?
হোস্টিং বদলাতে কি ডোমেইনও ট্রান্সফার করতে হবে?
নেম সার্ভার বদলালে কি ইমেইল বন্ধ হয়ে যাবে?
DNS বদলানোর পরও পুরোনো সাইট দেখাচ্ছে কেন?
পুরোনো হোস্টিং কখন বাতিল করব?
ওয়েবসাইট রাখুন বাংলাদেশেই
ওয়েব, টার্বো আর VPS প্ল্যান, ঢাকায় আমাদের BDIX-যুক্ত সার্ভারে, বিল টাকায়। নেওয়ার আগে নিজের ইন্টারনেট থেকে পিংটা মেপে দেখুন।
BDIX হোস্টিং প্ল্যান দেখুন